চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে কনকাশন সাবস্টিটিউট নিয়ম ভাঙা বা এর অপব্যবহার হয়েছে কি না, তা নিয়ে তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। খবর এনডিটিভির
ম্যাচ চলাকালীন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার ফিল্ডিং করতে গিয়ে চোট পান। জাসপ্রিত বুমরাহর বলে কার্তিক শর্মার একটি ক্যাচ ধরার পর তিনি কাঁধে ব্যথা অনুভব করে মাঠে পড়ে যান এবং পরে তাকে মাঠ ছাড়তে হয়।
এরপর মুম্বাই ইন্ডিয়ানস তার পরিবর্তে শার্দুল ঠাকুরকে কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামানোর আবেদন করে, যা ম্যাচ রেফারি অনুমোদন দেন। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই বিতর্কের সূত্রপাত হয়।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কনকাশন সাবস্টিটিউট সাধারণত তখনই অনুমোদিত হয় যখন কোনো খেলোয়াড় মাথা বা ঘাড়ে আঘাত পান এবং মেডিক্যালভাবে তা নিশ্চিত করা হয়। তবে স্যান্টনারের ক্ষেত্রে বাইরে থেকে কাঁধে আঘাত দেখা গেলেও তাকে ‘নিউরোলজিক্যাল উপসর্গ’ দেখিয়ে বদলি করা হয়েছে বলে দাবি উঠেছে। এছাড়া তাকে ড্রেসিংরুমে কাঁধে বরফ লাগাতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে।
এছাড়া শার্দুল ঠাকুরকে স্যান্টনারের আদর্শ বিকল্প হিসেবে নেওয়া ঠিক হয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছে।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, শুরুতে স্যান্টনারের মাথা ও ঘাড়ে আঘাত লাগার আশঙ্কা ছিল, পরে তার কাঁধেও সমস্যা দেখা দেয়। স্ক্যানের পর তিনি মাথা ঘোরা অনুভব করেন, তাই কনকাশন সাবস্টিটিউটের আবেদন করা হয়।
তিনি আরও জানান, এটি সম্পূর্ণভাবে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সিদ্ধান্ত ছিল এবং তারা শার্দুল ঠাকুরকে অনুমতি দিয়েছেন। তিনি আশা করছেন, স্যান্টনারের চোট গুরুতর নয়।


